নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে নজরুল চর্চা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে দেশের সব মাদ্রাসাপ্রধানকে নির্দেশনা অনুযায়ী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন মাদ্রাসাগুলোতে এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

citytouch 728-X-90

সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ঐক্য ও সম্প্রীতি জোরদার করাও এর অন্যতম উদ্দেশ্য।

নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্তরভিত্তিক বিষয় ও বিভাগ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি এবং নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।