মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি অক্টোবর মাসে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় বাণিজ্যিক জাহাজে অন্তত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পাওয়া গেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে এ অঞ্চলে জাহাজে প্রায় ৩০টি হামলার ঘটনা ঘটেছিল। হামলার সংখ্যার দিক থেকে সেটিই ছিল দ্বিতীয় সর্বোচ্চ মাস। তবে অক্টোবরে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

এদিকে, শুক্রবার হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে অন্তত চারটি জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

অন্যদিকে, শুক্রবার এ অঞ্চলে একটি হামলার তথ্য জানিয়েছে ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে একটি জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।