গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে প্রবীণদের সঙ্গে ভালোবাসা ও আনন্দঘন সময় কাটিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রায় ১৫০ জন সদস্য। ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘অনুষঙ্গ’ নামের এই ব্যতিক্রমী কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল প্রবীণদের সঙ্গে আন্তরিক সময় কাটানো, তাঁদের জীবনের গল্প শোনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে তাঁদের মুখে হাসি ফোটানো।

দিনব্যাপী এ আয়োজনে ক্লাবের সদস্যরা প্রবীণ বাসিন্দাদের সঙ্গে গল্প, স্মৃতিচারণ ও ভাববিনিময়ে অংশ নেন। তাঁদের জীবনের নানা অভিজ্ঞতা, সুখ-দুঃখ এবং দীর্ঘ পথচলার গল্প মনোযোগ দিয়ে শোনেন শিক্ষার্থীরা।

আনন্দময় পরিবেশ তৈরি করতে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসব আয়োজনে প্রবীণ বাসিন্দা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় আন্তরিকতার এক সুন্দর বন্ধন।

আয়োজনটির মূল ভাবনা ছিল, মানুষের পাশে দাঁড়াতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। অনেক সময় আন্তরিকভাবে পাশে থাকা, মনোযোগ দিয়ে কারও কথা শোনা এবং কিছুটা সময় ভাগ করে নেওয়াই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান উপহার।

প্রবীণদের সঙ্গে কাটানো সময় ক্লাবের সদস্যদের জন্যও ছিল এক মূল্যবান অভিজ্ঞতা। এর মধ্য দিয়ে তাঁরা মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব নতুন করে উপলব্ধি করার সুযোগ পান।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের এ আয়োজন কেবল একটি সামাজিক কার্যক্রম নয়; বরং প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি, প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্নের বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি আন্তরিক প্রচেষ্টা।

কিছু আন্তরিক কথোপকথন, জীবনের অসংখ্য গল্প এবং একসঙ্গে ভাগ করে নেওয়া হাসি—সব মিলিয়ে ‘অনুষঙ্গ’ হয়ে উঠেছে ভালোবাসা ও মানবিকতার এক স্মরণীয় আয়োজন।