পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের লাগাতার আন্দোলনের মধ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।
এর আগে মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের নিয়ে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। তাঁদের দাবি, নতুন মজুরি বোর্ডের মাধ্যমে দ্রুত বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।









