বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়েছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। মুক্তির আগেই ছবিটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে নতুন রেকর্ড।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে ফারাস ফিল্মস।
ভারতীয় সিনেমার ইতিহাসে বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ অঙ্ক বলে দাবি করা হচ্ছে। এর আগে কোনো ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের দাম ১০০ কোটি রুপির গণ্ডি ছাড়ায়নি।
এর আগে শাহরুখ খানের সিনেমাগুলোর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে এবার সেই দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্বও পালন করেছিল প্রতিষ্ঠানটি।
বড় অঙ্কের এই চুক্তির পরও ‘কিং’ সিনেমার সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বক্স অফিসে আগের সিনেমাগুলোর সাফল্য ছাড়িয়ে যাওয়াই এখন ছবিটির অন্যতম লক্ষ্য।
‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর কয়েক বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। তবে ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। একই বছর ‘জওয়ান’ সিনেমার সাফল্যও তাঁর জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
‘পাঠান’ ও ‘জওয়ান’—দুটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল। ফলে ‘কিং’-এর মাধ্যমে নিজের আগের সাফল্যকেই ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেতা।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’-এর পর এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও সিদ্ধার্থ।
সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে। মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।









