নাফীজ আহমেদ
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন ছাত্রহল-২-এর ভবনে প্লাস্টারের কাজ করার সময় বাঁশ ভেঙে নিচে পড়ে এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, বুধবার সকালে কয়েকজন শ্রমিক বাঁশের মাচায় ঝুলে ভবনটির দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় বাঁশের বাঁধন ছুটে মাচার একটি অংশ ভেঙে যায়। এতে দুই শ্রমিক ভবনের চারতলা থেকে নিচে পড়ে যান। তাঁদের মধ্যে রসুল নামে এক শ্রমিক আহত হন। অন্য শ্রমিকেরা বাঁশের সঙ্গে ঝুলে থাকেন। পরে আহত শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য শ্রমিকেরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে কাজ করার সময় শ্রমিকদের কারও শরীরে নিরাপত্তাবেল্ট ছিল না এবং তাঁদের মাথায় হেলমেটও দেখা যায়নি। নির্মাণাধীন ভবনের শ্রমিকদের অভিযোগ, বাঁশের মাচা যথাযথভাবে বাঁধা না থাকায় হঠাৎ তা ভেঙে পড়ে। এতে দুই শ্রমিক নিচে পড়ে গেলেও অন্যরা বাঁশের সঙ্গে ঝুলে থাকেন। কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয় না।
এ বিষয়ে প্রকল্প প্রকৌশলী মুন্না আহমেদ বলেন, “আহত শ্রমিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি তেমন গুরুতর আহত হননি। নিরাপত্তার বিষয়ে শ্রমিকেরা কখনো কোনো অভিযোগ করেননি। নিরাপত্তার জন্য সরঞ্জাম থাকলেও তাঁরা ব্যবহার করছেন না। তাঁদের নিরাপত্তার বিষয়ে সচেতন করা হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, “শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এসব নির্দেশনা মানছেন না। এ বিষয়ে পরবর্তী সময়ে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।”
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মো. ওবাইদুল রহমান (৪০) নামের এক শ্রমিক নিহত হন। এ ছাড়া ২০২০ সালের ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনিরুল ইসলাম (২৪) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়।









