রংপুর,প্রতিনিধি: জাহিদুল ইসলাম জসিম 


 রংপুরের কাউনিয়ায় দুর্গামণ্ডপে কাজ করার সময় জেনারেটরে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল (১৯) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।


 বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের দীঘলটারী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।তরুণ এই শ্রমিকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 


নিহত শাকিল টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে শাকিল মধুপুর বাজারের জামাল ডেকোরেটরে শ্রমিক হিসেবে কাজ করতেন। 


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দীঘলটারী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে কাজ করছিলেন শাকিল। এ সময় জেনারেটরে হাত দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের তথ্যমতে, বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের তথ্য অনুযায়ী, হাসপাতালে পৌঁছানোর সময়ই তাঁর মৃত্যু হয়েছিল।