রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে ফের আন্দোলনে নামছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবেন তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সালাহউদ্দিন মাহমুদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে পুরোনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্যমেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা। সে সময়ও মাঠটি দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠটি ফিরে পেলে শিক্ষার্থীরা সেখানে হাতে-কলমে গবেষণার সুযোগ পাবেন। এ কারণে গবেষণার মাঠ অন্য কাজে ব্যবহারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা।










