চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) বিশেষ উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিশেষ উন্নয়ন প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একনেকে অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে। উত্তরাঞ্চলের এই বিদ্যাপীঠের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার পরিকল্পনার কথা জানিয়ে ইউজিসির এই সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো আধুনিক বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রমও শুরু হবে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন গণঅভ্যুত্থানের মধ্যে জুলাই আন্দোলন অন্যতম। শহিদ আবু সাঈদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










