ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দীর্ঘতম সংস্করণের খেলায় ধারাভাষ্য দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল মাহমুদ।

৩ থেকে ৬ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরের চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যকার ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এবারের জাতীয় ক্রিকেট লিগকে আগের আসরগুলোর তুলনায় ভিন্ন আঙ্গিকে সাজিয়েছে বিসিবি। কাউন্টি ক্রিকেটের আদলে বিভিন্ন রঙের ব্লেজার, ব্যাগি ক্যাপ পরে টস, কাস্টমাইজড হেলমেট, শেফিল্ড শিল্ডের আদলে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার, প্রাইজমানি ও উইনিং বোনাসসহ বেশ কিছু নতুন সংযোজন করা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন সংস্কৃতি ও পেশাদারত্বের ছাপ তৈরি হয়েছে এবারের আসরে।

citytouch 728-X-90

জাতীয় ক্রিকেট লিগের মতো দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসরে ধারাভাষ্য দেওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন ইকবাল মাহমুদ। এর আগে ২০২৪ সালের ২৯ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দেওয়ার মাধ্যমে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।

এরপর দেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত বিভিন্ন করপোরেট ও অ্যামেচার টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়েছেন ইকবাল। পাশাপাশি আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট, জেলা প্রশাসন উইমেন্স গোল্ডকাপ, জেলা প্রশাসক গোল্ডকাপ, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় ধারাভাষ্যের অভিজ্ঞতা রয়েছে তার।

জাতীয় ক্রিকেট লিগে ধারাভাষ্য দেওয়ার অনুভূতি জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, “জাতীয় ক্রিকেট লিগের মতো গুরুত্বপূর্ণ একটি আসরে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা। এই সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। একই সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার ভালো লাগার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। চেষ্টা করেছি ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের খেলাটার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত রাখতে এবং ম্যাচটিকে তথ্যবহুল ও উপভোগ্য করে তুলতে। এই সুযোগ পাওয়ার পেছনে যারা সহযোগিতা করেছেন, সংশ্লিষ্ট সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

উল্লেখ্য, ইকবাল মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা, স্পোর্টস রিপোর্টিং ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।