বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা নিহাদ রহমানের নেতৃত্বাধীন স্টার্টআপ ezCater অধিগ্রহণ করতে যাচ্ছে উবার। ৬ অক্টোবর ঘোষণা দেওয়া এ চুক্তির মূল্য ২৩০ কোটি মার্কিন ডলার। পুরো অর্থই নগদে পরিশোধ করবে উবার। অধিগ্রহণের পর ezCater-এর কার্যক্রম যুক্ত হবে উবার ইটসের সঙ্গে।
করপোরেট ক্যাটারিং ও অফিসের খাবার সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে পরিচিত ezCater। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মিটিং, অনুষ্ঠান ও নিয়মিত অফিস ক্যাটারিংয়ের অর্ডার পরিচালনা করে। বর্তমানে প্ল্যাটফর্মটির সঙ্গে ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্টুরেন্ট যুক্ত রয়েছে।
গত ১২ মাসে ezCater-এর মোট বুকিং ২৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এ সময়ে প্ল্যাটফর্মটির গড় অর্ডারের মূল্য ছিল ৪০০ ডলারের বেশি। উবারের সঙ্গে যুক্ত হলে প্রতিষ্ঠানটির করপোরেট গ্রাহক ও ক্যাটারিং ব্যবসার সক্ষমতা উবারের বড় গ্রাহক ও রেস্টুরেন্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।
উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহি বলেন, ক্যাটারিং রেস্টুরেন্টগুলোর জন্য বড় রাজস্বের উৎস হতে পারে। নিহাদ রহমান ও তার দল ইতোমধ্যে এ খাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছেন। উবারের নেটওয়ার্কের মাধ্যমে সেই সেবা আরও বড় পরিসরে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নিহাদ রহমান বলেন, উবারের গ্রাহক, মার্চেন্ট ও কুরিয়ার নেটওয়ার্কের সঙ্গে ezCater-এর ক্যাটারিং অভিজ্ঞতা যুক্ত হলে ব্যবসাটির আরও বিস্তারের সুযোগ তৈরি হবে।
তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।










