অনলাইনে ফ্রিজ অর্ডার করে ২ হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়েও বাসার দোতলায় পণ্য বুঝে পাননি এক ক্রেতা। বরং ভবনের নিচে ফ্রিজ নামিয়ে রেখে ডেলিভারিম্যান ওটিপি চাইছিলেন বলে অভিযোগ করেছেন অভিষেক দেবনাথ অভ্র। এ সময় দোতলায় ফ্রিজ পৌঁছে দিতে অতিরিক্ত টাকা দাবি এবং দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিষেক জানান, নতুন সংসারের জন্য তিনি অনলাইন শপ পিকাবো ডটকম থেকে একটি ফ্রিজ অর্ডার করেন। পণ্যটি পৌঁছে দিতে পিকাবুর নির্ধারিত কুরিয়ার প্রতিষ্ঠান ক্যারিবি (Carrybe)-এর একটি মিনি ট্রাক তার বাসার ভবনের সামনে আসে।

অভিষেকের ভাষ্য, ট্রাক থেকে ফ্রিজ নামানোর পর ডেলিভারিম্যান তাকে ওটিপি দিতে বলেন। কিন্তু ফ্রিজটি বাসার দোতলায় পৌঁছে দেওয়ার কথা জানালে ডেলিভারিম্যান আপত্তি করেন। তিনি ভবনের নিচে ফ্রিজ রেখে চলে যাওয়ার কথা বলেন। দোতলায় তুলতে হলে প্রতি তলার জন্য ৩০০ টাকা করে দিতে হবে বলেও জানান।

অভিষেক বলেন, ফ্রিজটি বাসায় পৌঁছে দেওয়ার জন্য তিনি ২ হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়েছেন। ফলে অতিরিক্ত টাকা চাওয়ার বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার অভিযোগ, এ সময় ডেলিভারিম্যান দুর্ব্যবহার করেন এবং ফ্রিজ নিচে রেখে চলে যাওয়ার কথা জানান। প্রয়োজনে পিকাবোর সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পোস্টে অভিষেক আরও জানান, ডেলিভারিম্যানকে দেওয়ার জন্য তিনি ৫০০ টাকার একটি নোট সঙ্গে রেখেছিলেন। নতুন সংসারের প্রথম কেনা ফ্রিজটি পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছায় বকশিশ দেওয়ার ইচ্ছা থাকলেও ডেলিভারিম্যানের আচরণে সেই আগ্রহ নষ্ট হয়ে যায়।

পরে পিকাবোর সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা ডেলিভারিম্যানের সঙ্গেও কথা বলেন। অভিষেকের দাবি, এরপর তাকে জানানো হয়, পিকাবোর ‘এক্সপ্রেস ডেলিভারি’ সুবিধায় ঢাকার ভেতরে পাঁচতলা পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়া হয়। তবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে পাঠানো পণ্য ভবনের নিচে রেখে আসাই তাদের নিয়ম।

অভিষেকের অভিযোগ, পিকাবোর প্রতিনিধিরা ডেলিভারিম্যানের আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেও ডেলিভারি সেবার ধরন নিয়ে তার অসন্তোষের কোনো কার্যকর সমাধান দেননি। বরং ভবিষ্যতে একইভাবে অর্ডার করলে রোডসাইড ডেলিভারিকেই হোম ডেলিভারি হিসেবে দেখানো হবে বলে তাকে জানানো হয়।

তিনি জানান, ঘটনার লিখিত ব্যাখ্যা চাওয়ার পর পিকাবো তাকে একটি আনুষ্ঠানিক জবাব দেয়। ফোনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে নিজের ব্যবস্থায় ফ্রিজ বাসায় তুলে নেওয়ার কথা বলা হয়। এদিকে ডেলিভারিম্যান পণ্য পরীক্ষা করার সুযোগ না দিয়েই ফ্রিজটি নিচে রেখে চলে যান বলে অভিযোগ করেছেন তিনি।

অভিষেকের প্রশ্ন, ২ হাজার টাকা ডেলিভারি চার্জ নেওয়ার পরও যদি ক্রেতাকে ভবনের নিচ থেকে নিজ দায়িত্বে ফ্রিজ বাসায় তুলতে হয়, তাহলে ওই সেবাকে হোম ডেলিভারি বলা কতটা যৌক্তিক?