চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময় তাঁদের প্রথম সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন ক্রেমলিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ।

রুশ সংবাদমাধ্যম ‘ভেস্তি’কে দেওয়া সাক্ষাৎকারে উশাকভ বলেন, দুই নেতার বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সব নেতা উপস্থিত থাকলে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই তাঁদের প্রথম সাক্ষাৎ হতে পারে। বৃহস্পতিবার এপেক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে এবং অধিবেশন শেষে পুতিন ও ট্রাম্পের আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

উশাকভের ভাষ্য অনুযায়ী, দুই নেতার আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু স্থান পাবে। বৈঠকের ধরন আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক, তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মন্তব্য করেন তিনি।

পুতিন ও ট্রাম্পের দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

সম্ভাব্য আলোচ্যসূচিতে রয়েছে পারমাণবিক নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট এবং বৈশ্বিক বাণিজ্য। তবে এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সমঝোতা হয়েছে বলে এখনো জানানো হয়নি।

এপেক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে দুই দিনের সফরে শেনজেনে পৌঁছান পুতিন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড জোটের আওতায় জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বুধবার শেনজেনে পৌঁছান।