যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দেশের উৎপাদনব্যবস্থা সচল রাখা এবং জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করা। এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
গালিবাফ বলেন, মূল্যস্ফীতি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওঠানামার মতো সমস্যার সমাধান শুধু বক্তৃতা কিংবা কোনো নির্দেশনা জারির মাধ্যমে সম্ভব নয়।
তিনি আরও বলেন, আট মাসের বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের মুখে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরানের জনগণ। এ পরিস্থিতিতে তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বছরের পর বছর ধরে মূল্যস্ফীতি ও বিনিয়োগে লোকসানের মতো অর্থনৈতিক সংকটে ভুগছে ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির তেল ও গ্যাস খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ফারসি বর্ষপঞ্জির প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ কমেছে। অর্থনীতির এ সংকোচন দেশটির চলমান সংকটের গভীরতাই তুলে ধরছে।
এ অবস্থায় সামরিক সংঘাতের পাশাপাশি উৎপাদনব্যবস্থা সচল রাখা, কর্মসংস্থান বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইরান সরকার।









