জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা এই বিশেষ দূত বলেছেন, ‘ইসরাইল সব সময় শিশু হত্যা করে।’ তার এ বক্তব্যকে ইহুদিবিদ্বেষী ও পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছেন ইসরাইলি লেখক ডেভিড বেন-বাসাত।

একটি মতামতধর্মী নিবন্ধে ডেভিড বেন-বাসাত দাবি করেন, আলবানিজের বক্তব্যে নির্দিষ্ট কোনো ঘটনা, সময়, স্থান কিংবা দায়ী ব্যক্তির উল্লেখ নেই। তার মতে, ‘সব সময়’ শব্দটি ব্যবহারের মাধ্যমে ইসরাইল রাষ্ট্রকে শিশু হত্যার সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।

নিবন্ধে বলা হয়, আয়ারল্যান্ডের পার্লামেন্টের একটি কমিটির সামনে বক্তব্য দেওয়ার সময় আলবানিজ এ মন্তব্য করেন। লেখকের অভিযোগ, নির্দিষ্ট কোনো ঘটনার প্রমাণ ও দায় নির্ধারণের আগেই এ ধরনের সাধারণীকরণ করা হয়েছে। এতে নিরপেক্ষ তদন্তের বিষয়টি আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

একই বক্তব্যে আলবানিজ ইউরোপে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ এবং এ ধরনের কুকুর বিক্রি করে ইউরোপের কিছু মানুষের মুনাফা করার অভিযোগও তুলেছেন বলে নিবন্ধে উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি বলে দাবি করেছেন লেখক।

নিবন্ধে আরও প্রশ্ন তোলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার সময় নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতার অভিযোগের বিষয়ে আলবানিজের অবস্থান কীভাবে তার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লেখকের দাবি, ২০২৪ সালের মার্চে আলবানিজ বলেছিলেন, হামলার পর যৌন সহিংসতার যেসব প্রতিবেদন তিনি পড়েছেন, সেগুলো তাকে সন্তুষ্ট করার মতো প্রমাণ দিতে পারেনি।

অন্যদিকে, একই মাসে সংঘাতের সময় যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের নেতৃত্বে পরিচালিত একটি অনুসন্ধানী মিশন ভিন্ন তথ্য তুলে ধরে। মিশনের প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের হামলার সময় অন্তত তিনটি স্থানে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে।

এ ছাড়া জিম্মিদের ওপর যৌন সহিংসতা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে—এমন স্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আলবানিজের মন্তব্য ও তার সমালোচনাকে ঘিরে বিতর্কের পাশাপাশি ৭ অক্টোবরের হামলায় যৌন সহিংসতার অভিযোগ এবং জাতিসংঘের অনুসন্ধানী মিশনের প্রতিবেদনও নতুন করে আলোচনায় এসেছে।