ভারতের সিকিমের আকাশসীমায় প্রবেশ করে চীনের একটি সামরিক বিমান প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বরের এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা দিলেও বিমানটি তাৎক্ষণিকভাবে ফিরে যায়নি বলে দাবি করেছে একটি সূত্র।
নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানিয়েছে, ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা বিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর বিমানটিকে নিজ ভূখণ্ডে ফিরে যেতে একাধিকবার সতর্ক করা হয়। তবে বিমানটি সতর্কবার্তায় সাড়া দেয়নি বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায়। তবে সেটি কী ধরনের সামরিক বিমান ছিল, কোন পথ দিয়ে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল এবং কখন ফিরে গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ সিকিমের যে এলাকায় বিমানটির উপস্থিতি শনাক্ত হয়েছে, সেখান থেকে ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর পর্যবেক্ষণ করা সম্ভব। প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ড ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। কৌশলগত গুরুত্বের কারণে অঞ্চলটি ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।
সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এ ছাড়া ডোকলাম মালভূমির কাছাকাছি হওয়ায় অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছিল।
ভারতীয় সীমান্তে চীনা সামরিক বিমানের তৎপরতার অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি একটি চীনা সামরিক বিমান উড়তে দেখা যায়। ২০২০ সালে লাদাখে উত্তেজনার সময়ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে চীনা সামরিক হেলিকপ্টারের উপস্থিতির খবর পাওয়া যায়।
এ ছাড়া ২০১৭ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে। একই বছরের নভেম্বরে লাদাখে চারটি চীনা হেলিকপ্টার প্রবেশের খবর প্রকাশিত হয়। এর মধ্যে একটি হেলিকপ্টার প্রায় ৩০ মিনিট অবস্থান করেছিল বলে জানা যায়।
সর্বশেষ ঘটনা নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে চীনা বিমানটির পরিচয়, আকাশসীমায় প্রবেশের উদ্দেশ্য এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।









