মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক বিমান পাঠানোসহ কয়েকটি শর্ত দিয়েছে ভারত—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে ফেরত নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। পাশাপাশি দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টিও শর্ত হিসেবে জানিয়েছে ভারত। দেশটির সামরিক ও বেসামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে ব্যাকচ্যানেলে বাংলাদেশের কাছে এসব শর্ত দেওয়া হয়েছে। এমনকি শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’
এদিকে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে করা প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যেই বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।
বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।







