আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক প্রবেশ করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন বলেও জানান তিনি।

শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ত্রাণমন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার পাশাপাশি তাঁদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটছে। নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতার ক্ষেত্রে সমাজ পিছিয়ে পড়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানসহ অন্যরা।