গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবারের ঘটনায় আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন।