সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর সম্ভাব্য বিদ্যুৎ বিল হতো প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। তবে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিংয়ের মাধ্যমে বিল কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এতে সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এ সাশ্রয় হয়েছে। এ সময়ে ১৪টি কেন্দ্রের সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো—তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ।

ডাক অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা হিসাবে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা।

অন্যদিকে, সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ। হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী করা সম্ভব।

তিনি আরও বলেন, ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ পরিবেশের সুরক্ষার পাশাপাশি সরকারি অর্থ সাশ্রয়েও কার্যকর ভূমিকা রাখতে পারে। এ অভিজ্ঞতা অন্য সরকারি দপ্তরগুলোর জন্যও অনুসরণযোগ্য।

পরিবেশের দিক থেকেও এ উদ্যোগের সুফল রয়েছে। গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎপাদনের ওপর চাপ কমাতে সহায়তা করছে। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, ১৪টি কেন্দ্রের উৎপাদিত সৌরবিদ্যুতের কারণে আনুমানিক ৫০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমেছে।

তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টি ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যায়। তখন কেন্দ্রগুলোর কার্যক্রম সচল রাখতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টি ও কুয়াশার দিনে গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবে উৎপাদিত বিদ্যুতের বড় অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এ সাশ্রয় আরও বাড়বে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে তুলনামূলক নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়। পাশাপাশি নেট মিটারিং পদ্ধতিতে বিদ্যুতের হিসাব সংরক্ষণ ও জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া নির্ধারণেও সময় লাগে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।

মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও এখন প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি হয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনাতেও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

এদিকে, দেশে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনার পাশাপাশি সরকারি কার্যালয়ের দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ চলছে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।