ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আত্মবিশ্বাসী। আগামী ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

গার্ডিয়ানের প্রতিবেদনে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাসিত কয়েকজন নেতার বরাতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি চলছে। তার ফেরার পথ তৈরি করতে দলের কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন বলেও দাবি করেছেন তারা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে চলতি সপ্তাহে গার্ডিয়ানের সঙ্গে কথা বলেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাদের দাবি, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে, শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করা এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিটি গার্ডিয়ানের হাতে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই দেশে ফিরতে চান।

শেখ হাসিনার দণ্ড ঘোষণার পর থেকেই তাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ভারত এখনো বাংলাদেশের সেই দাবি কার্যকর করেনি। এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। পাশাপাশি তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং দলটির বহু নেতা-কর্মী কারাগারে থাকায় তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।