বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে ঢাকা। ১২৬টি শহরের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান স্কোর ৩৪৪, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ২৮৪।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। শহরটির বায়ুমান স্কোর ১৬৯। ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১৬৬।
বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার সূচক অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বায়ুদূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজসহ বিভিন্ন কারণে বিশ্বের বড় শহরগুলোতে দূষণের মাত্রা বাড়ছে।








