রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে। প্যানেলের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এর আগে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেপ্তার ১১ আসামির একজন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে শুনানি পিছিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। তাঁদের মধ্যে রয়েছেন শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এ ছাড়া সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের পুলিশ ও র‍্যাব কর্মকর্তা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার এবং আরও কয়েকজন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এ মামলার আসামি।

এর আগে, পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাঁদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা হয়।

পরবর্তী সময়ে আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।