ঢাকা-পাবনা রুটে চলাচল শুরু করতে যাওয়া নতুন দুই আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’র টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম ধাপে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে কেনা যাচ্ছে।
পাবনা থেকে ঢাকার সাধারণ আসনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির সার্ভিস চার্জ ২০ টাকা যোগ হওয়ায় মোট খরচ পড়বে ৪৪৫ টাকা।
নিয়ম অনুযায়ী, পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট যাত্রার ১০ দিন আগে থেকে অনলাইনে পাওয়া যাবে।
আগামী ১৯ নভেম্বর ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন দুটির উদ্বোধন করা হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। বিশেষ ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী সময়ে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। ওই দিন ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশে যাত্রা করবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। ফলে ঢাকা-পাবনা রুটের যাত্রীদের যাতায়াতে নতুন এই ট্রেন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।








