মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনায় অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত হাবিবুর রহমান শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলায় হাসিবের হাত কেটে যায়। পরে স্থানীয়ভাবে তাঁর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী

হামলার সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় থাকা তরুণী তাঁর স্ত্রী বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা। একই তথ্য দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবার তাঁদের চেকআউটের কথা ছিল।

রিসোর্টের এক কর্মচারীর ভাষ্য অনুযায়ী, হামলার পর আহত অবস্থায় হাসিব দৌড়ে রিসোর্টে ফিরে আসেন। তাঁর বাঁ হাতে গুরুতর কাটা জখম দেখা যায়। রিসোর্টের কর্মীরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করেন। পরে তাঁরা অটোরিকশায় রেলস্টেশনের দিকে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসিব ও এক তরুণী অটোরিকশায় যাওয়ার সময় এক ব্যক্তি তাঁদের থামান। ওই ব্যক্তি প্রথমে হাসিবকে গালাগাল ও আপত্তিকর মন্তব্য করেন। পরে তাঁর সঙ্গে হাত মেলানোর পর হঠাৎ হামলা চালান। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান হাসিব।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। হাসিবের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, তাঁরা হামলার খবর পেয়েছেন। তবে এ ঘটনায় তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, চাপাতির আঘাতে হাসিবের হাত জখম হয়েছে। তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস জানান, হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে শ্রীমঙ্গলে ফিরে থানায় মামলা ও পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।