রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতার নেতৃত্বে মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলের সামনে ওই নেতার সঙ্গে তাঁর মাকেও দেখা গেছে।
গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের সড়কে মিছিলটি বের হয়। এতে ৫০ থেকে ৬০ জন অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।
মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। একই দিন সন্ধ্যার পর নজরুল ইসলাম নিজের ফেসবুক পেজেও মিছিলের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি নিজের গ্রামের সড়ক থেকে আন্দোলন শুরুর কথা লেখেন।
ভিডিওতে দেখা যায়, নজরুল ইসলাম ও তাঁর মা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। পেছনে ব্যানার হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) সকালে পাঁচজনকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ। তাঁরা হলেন বাগমারা গ্রামের সাইফুল প্রামাণিক, ইরান প্রামাণিক ও রাব্বি হোসেন, মেঘনা উত্তরপাড়ার নয়ন মোল্লা এবং বাগমারা গ্রামের সুহান শেখ সোহান।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মেঘনা গ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনা তদন্ত করে জড়িত হিসেবে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।









