অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

নতুন কমিটির সহসভাপতি হয়েছেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অ্যাটকোর ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নির্বাচন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব বেছে নিতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম দেশের গণমাধ্যম এবং টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।