বাংলাদেশের সাংবাদিকদের জন্য বিনামূল্যে সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে প্রশিক্ষণের সুযোগ দিয়েছে ভারত সরকার। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (ITEC) স্কিমের আওতায় আয়োজিত এ কোর্সটি আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ ভারতের হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমানভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ কর্মসূচির সংশ্লিষ্ট ব্যয় ভারত সরকার বহন করবে। ITEC-এর আওতায় সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ আগে বিভিন্ন দেশের সাংবাদিকদের জন্যও আয়োজন করা হয়েছে।
কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছে। এতে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মসূচির অংশ হিসেবে হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগও থাকবে। কোর্স সফলভাবে শেষ করলে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত হওয়ার পর নিজ নিজ প্রতিষ্ঠানের কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।










