ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সংসদে প্রকাশ করার কথাও বলেছেন তিনি।

গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। এর প্রতিবাদে তিনি বলেন, প্রতিমন্ত্রীর সারা দেশে যাওয়ার অধিকার থাকলে তাঁরও যাওয়ার অধিকার রয়েছে। তাই প্রতিমন্ত্রীকেও কুষ্টিয়ায় ঢুকতে দেওয়া হবে না। সংসদে তাঁর অনিয়মের বিষয়গুলো তুলে ধরারও হুঁশিয়ারি দেন তিনি।

মাহফিল স্থগিতের ব্যাখ্যা আয়োজকদের

তবে আমির হামজার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিলের আয়োজক কমিটি।

৮ নভেম্বর সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণে কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়। ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আমির হামজার ব্যক্তিগত সচিবকেও জানানো হয়েছিল।

আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মাহফিল স্থগিতের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এ ঘটনায় সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মাহফিল স্থগিতের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা বা প্রশাসনিক হস্তক্ষেপ ছিল না; আয়োজক কমিটি নিজেরাই অনুষ্ঠানটি স্থগিত করেছিল।