সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রাজধানীর শুক্রাবাদ এলাকায় চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত ঢুকিয়ে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক যুবক।

ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর সড়কে। এ সময় যানজটে আটকে থাকা গাড়ির জানালা খোলা ছিল। সেই সুযোগে এক যুবক তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

ঘটনার কথা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন আসিফ নজরুল। তিনি লেখেন, গাড়ির জানালা খোলা থাকায় এক যুবক মাত্র এক সেকেন্ডের মধ্যে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। রাস্তায় প্রচণ্ড যানজট ও গরম থাকায় গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। এ সময় গাড়িতে বসে মোবাইল ফোনে মেসেজ দেখছিলেন।

পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক হঠাৎ তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরার চেষ্টা করলেও তাকে আটকাতে পারেননি তিনি।

নিজের অসতর্কতাকেই এ ঘটনার জন্য দায়ী করেছেন আসিফ নজরুল। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন বলেও জানান তিনি। পুলিশ ফোনটি উদ্ধারের চেষ্টা করছে বলে আশা প্রকাশ করেন সাবেক এই আইন উপদেষ্টা।

এদিকে, ছিনতাই হওয়া ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে সেগুলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি।