নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে। এ সময় নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে বিনোদন ভাতা নির্ধারণে সংশ্লিষ্ট মাসে কর্মচারীর প্রকৃত মূল বেতন বিবেচনা করা হবে।
আগের নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন পাবেন, সমপরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে প্রাপ্য হবেন। নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকরের সময়ও একই নিয়ম অনুসরণ করা হবে।
তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। অর্থাৎ, ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই ভাতার পরিমাণ নির্ধারিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলে এ বাবদ অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।
সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।








