বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দল ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মাসজুড়ে বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক রাজনৈতিক কর্মসূচি পালন করবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক আয়োজন। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি নিয়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রের ভাষ্য, এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইভাবে পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বসিয়ে অন্য দলের কর্মসূচি প্রতিরোধের মতো উদ্যোগও নেওয়া হবে না।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতার খবরের মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

দীর্ঘদিন বিরোধী দল হিসেবে রাজনীতি ও আন্দোলনে থাকার পর ক্ষমতায় আসা বিএনপি বিজয়ের মাসে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়।