বিদেশি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের কথিত গোপন বৈঠক নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্যের পর জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে প্রশ্ন তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার (১১ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে তিনি বারিধারায় একটি কথিত বৈঠক এবং সেখানে যাতায়াতের জন্য গাড়ি পরিবর্তনের প্রসঙ্গ তোলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে সাম্প্রতিক উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
জবাবে ডা. শফিকুর রহমান জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী কোন দলের কথা বলেছেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে তাঁরা এজেন্সির সঙ্গে নয়, রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করবেন। বরং যাঁরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তাঁদের নিজেদের অতীত কর্মকাণ্ডের দিকে আয়নায় তাকানোর আহ্বান জানান তিনি।
বারিধারার কথিত বৈঠক নিয়ে প্রশ্ন
সংসদে বক্তব্যের পর রাত ৮টা ১০ মিনিটে ফেসবুকে পোস্ট দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেখানে তিনি শফিকুর রহমানের উদ্দেশে লেখেন, ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেল বারিধারার ১ নম্বর এলাকায় কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
পোস্টে তিনি ওই ব্যক্তির পরিচয়, ভিজিটিং কার্ডে লেখা পরিচিতি এবং সাক্ষাতের সময় গাড়ি পরিবর্তনের প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট নেতারা প্রথমে বাশার নামের এক ব্যক্তির গাড়িতে এবং পরে বাবুল নামের এক উবারচালকের গাড়িতে ওঠেন। এ বিষয়ে জামায়াত আমির বা সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যও পাওয়া যায়নি।









