বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬।
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭১ সালের শহীদদের তালিকা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার পাচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকা তৈরির বিষয়টি পরে বিবেচনা করা হবে।
নির্ভুল তালিকা তৈরিতে বৈঠক
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করতে সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও আলোচনা করে সুপারিশের ভিত্তিতে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা তৈরির পদ্ধতি নির্ধারণ করা হবে।
আরও ২৫ হাজার পরিবারের জন্য আবাসনের উদ্যোগ
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের ধারাবাহিকতায় নতুন প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।
জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে আগের পর্যায়ে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা সুবিধা পাননি বলে জানান মন্ত্রী। এ সমস্যা এড়াতে নিজস্ব জমি রয়েছে—এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে পারে।
চিকিৎসাসহায়তা ও স্মৃতি সংরক্ষণ
মন্ত্রী জানান, নীতিমালা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতালে বছরে যথাক্রমে সর্বোচ্চ ১০ হাজার, ২০ হাজার ও ৩০ হাজার টাকা চিকিৎসাসহায়তা পান। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগে সর্বোচ্চ এক লাখ এবং জটিল রোগে পাঁচ লাখ টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা রয়েছে।
মুক্তিযোদ্ধাদের স্বামী বা স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রেও উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতালে যথাক্রমে ১০ হাজার, ২০ হাজার ও ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগে সর্বোচ্চ ৫০ হাজার এবং জটিল রোগে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা রয়েছে।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেখানে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।









