দেশের পর্যটন ও এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরি, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সম্মেলন। আগামী ২৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এ আয়োজন করবে স্যামনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (SATTI)। সম্মেলনে এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ট্যুর গাইডিং, ডিজিটাল মার্কেটিং এবং পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় নিবন্ধন ও ফ্যাসিলিটেটর সেশন শুরু হবে। বিকেল ৪টায় শুরু হবে মূল আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপির। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ শামীমুজ্জামানের।


পর্যটন ও এভিয়েশন খাতে দক্ষ জনবল গড়তে ২৮ নভেম্বর ঢাকায় সম্মেলন


সম্মেলনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা দেবেন চারজন ফ্যাসিলিটেটর। ক্যারিয়ার গাইডেন্স ও মেন্টরশিপ বিষয়ে সেশন পরিচালনা করবেন SATTI-এর চেয়ারম্যান ও প্রিন্সিপাল এবং TOAB-এর পরিচালক মোঃ মহিউদ্দিন (সেলিম)। ট্যুর প্ল্যানিং ও প্যাকেজ ডিজাইন নিয়ে আলোচনা করবেন Deshghuri.com-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাজ্জাত মাহমুদ। জিডিএস ও এয়ার টিকেটিং বিষয়ে প্রশিক্ষণ দেবেন সেবার ট্যুর নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সাইফুল্লার রাব্বি। এ ছাড়া এআই ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে সেশন পরিচালনা করবেন মোঃ জুবেল মিঞা।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে Sabre Bangladesh-এর বিশেষায়িত প্রশিক্ষণ সেশন। এতে এয়ার টিকেটিং ও রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, ট্যুর গাইডিং, ডিজিটাল মার্কেটিং এবং ভ্রমণ ও পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট খাতে আগ্রহী শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা ও পেশাজীবীদের দক্ষতা বাড়াতে এসব সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা। সম্মেলনে অংশ নেওয়া প্রত্যেক সদস্যকে দেওয়া হবে সার্টিফিকেট অব পার্টিসিপেশন। পাশাপাশি US-Bangla Airlines ও Turkish Airlines-এর যৌথ সৌজন্যে র‌্যাফেল ড্রতে বিমান টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য Best Student এবং দক্ষ পেশাজীবীদের স্বীকৃতি দিতে Best Employee অ্যাওয়ার্ড প্রদান করা হবে।



পর্যটন ও এভিয়েশন খাতে দক্ষ জনবল গড়তে ২৮ নভেম্বর ঢাকায় সম্মেলন



স্যামনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (SATTI) আয়োজনে এবং Tourism News-এর সহ-আয়োজনে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। এতে এয়ারলাইন পার্টনার হিসেবে রয়েছে US-Bangla Airlines ও Turkish Airlines। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মোহনা টেলিভিশন ও দুরবীন নিউজ।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত যোগাযোগের সুযোগ তৈরির মাধ্যমে দেশের পর্যটন ও এভিয়েশন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের পথ তৈরি করবে এই সম্মেলন।