তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে আসতে আয়োজন করা হচ্ছে ‘ইনোভেশন অলিম্পিয়াড’। এতে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে সর্বমোট ১০ লাখ টাকার প্রাইজ পুল।
প্রতিযোগিতাটির পাশাপাশি থাকছে বিশেষ সেগমেন্ট ‘স্টার্টআপ, বিজনেস আইডিয়া ও প্রজেক্ট শোকেস’। এতে অংশগ্রহণকারীরা নিজেদের স্টার্টআপ আইডিয়া, ব্যবসায়িক পরিকল্পনা কিংবা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন।
বিশেষ এই সেগমেন্টে একজন থেকে সর্বোচ্চ তিনজন সদস্য নিয়ে দল গঠন করে অংশ নেওয়া যাবে। এককভাবেও প্রতিযোগীরা নিবন্ধন করতে পারবেন। এ বিভাগে দলভিত্তিক নগদ পুরস্কারের পাশাপাশি নির্বাচিত আইডিয়া বা প্রকল্পের জন্য বিনিয়োগের সুযোগও রাখা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মূল প্রতিযোগিতায় নিবন্ধনের নিয়মিত ফি ৪০০ টাকা। তবে আর্লি বার্ড নিবন্ধনে ফি নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। অন্যদিকে, বিশেষ সেগমেন্টে দলীয় নিবন্ধনের নিয়মিত ফি ২ হাজার টাকা এবং আর্লি বার্ড ফি ১ হাজার ৪৯৯ টাকা।
আগ্রহীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর।
তরুণদের নতুন ধারণা, উদ্ভাবনী চিন্তা ও সম্ভাবনাময় উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি তাদের কাজ উপস্থাপনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের আশা, ইনোভেশন অলিম্পিয়াড তরুণদের সৃজনশীলতা বিকাশ এবং নতুন উদ্যোগ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।








