স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা পছন্দ করেন না বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোটি কোটি টাকার মালিক হলে, এমনকি আওয়ামী লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করতে পারলে সহজেই বলা যায় যে স্বামী-স্ত্রীর চাকরি করা পছন্দ নয়।

ফেসবুক পোস্টে ফাহাম আবদুস সালাম লেখেন, ‘কোটি কোটি টাকা থাকলে, এমনকি আওয়ামী লীগের আমলেও কোটি কোটি টাকার ব্যবসা করলে খুব সহজেই বলা যায় যে স্বামী-স্ত্রীর চাকরি করা আমি পছন্দ করি না। বাজারে যান এবং জনগণের কাছে দুই হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের কষ্ট হচ্ছে। যেই পুরুষ মানুষের বাজার করতে হয় না, লম্বা লম্বা কথা বলাটা তার জন্য ওয়ান টু ব্যাপার।’

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা নিয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, ব্যক্তিগতভাবে তা পছন্দ করেন না। যৌথভাবে উপার্জন বা উভয়ের চাকরি করার ক্ষেত্রে আইনগত কিংবা সামাজিক বাধা না থাকলেও সন্তানদের লালন-পালনে এর নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে, বিষয়টি এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে। তবে বাবা-মায়ের নিবিড় সান্নিধ্যে বড় হলে শিশুদের মধ্যে আলাদা ধরনের মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।

বক্তব্যটি যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়ে সতর্ক করে মীর শাহে আলম বলেন, একই পরিবারে দুজন চাকরি করলে তাঁর কোনো আপত্তি নেই। তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়—এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অভিমত।