মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে বাংলাদেশ সফরে আসছেন দেশটির মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি ঢাকাসহ কক্সবাজার ও রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

সফরকালে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কাজ করবেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি।

সফরসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেলি ই. কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাঁকে জানিয়েছে, তারা এ সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ঢাকায় কয়েকটি বৈঠকের পাশাপাশি কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।

সফর শেষে এক সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ তুলে ধরবেন কেলি ই. কারি।

জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার আগামী বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।