ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এ ফিচারের মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।
নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই (এভরিওয়ান), শুধু পরিচিতির তালিকায় থাকা ব্যক্তিরা (কনটাক্টস অনলি), নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কনটাক্টস একসেপ্ট সিলেক্টেড পিপল) এবং কেউ নয় (নোবডি)। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে নিজেদের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।
তবে এ সুবিধা কেবল সেই ব্যবহারকারীদের জন্য চালু হবে, যারা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেমের মাধ্যমে কেউ যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তার ফোন নম্বর গোপন রাখে।
নতুন ফিচার চালু হলে ফোন নম্বরের গোপনীয়তা নিয়ন্ত্রণের ডিফল্ট সেটিংস থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারী নিজে অনুমতি না দিলে অন্যরা তার ফোন নম্বর দেখতে পারবেন না।
তবে যেসব ব্যক্তি আগে থেকেই কোনো ব্যবহারকারীর ফোন নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তারা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন। অর্থাৎ নতুন সুবিধা চালু হলেও আগে থেকে নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে এই গোপনীয়তা নিয়ন্ত্রণ কার্যকর হবে না।
নতুন ফিচারটি চালু হলে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বাড়তি সুবিধা পাওয়া যাবে।








