চট্টগ্রাম নগরীর এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে সিঙাড়া না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী ওই কর্মচারী। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত চিকিৎসক প্রতিষ্ঠানটিতে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসক নিয়মিত এপিক হেলথ কেয়ারের ক্যান্টিন থেকে সিঙাড়া খেতেন। দুপুরে ক্যান্টিনে গিয়ে সিঙাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে ক্যান্টিনের এক কর্মচারীকে নিজের কাছে ডেকে পাঠান। ওই কর্মচারী সেখানে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, এ সময় চিকিৎসক প্যান্টের জিপার খুলে ক্যান্টিনের নারী কর্মীদের সামনেই ওই কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরেন। এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক পরীক্ষা করানোর জন্য রাতে তাঁকে আবার এপিক হেলথ কেয়ারে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) জানান, বিষয়টি জানার পরপরই ভুক্তভোগী কর্মচারীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।









