পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। স্থানীয়দের দাবি, হামলার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।

এ সময় কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার সকালে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।