ল্যাপটপ বা কম্পিউটারের গতি কমে যাওয়া কিংবা সি ড্রাইভের স্টোরেজ লাল হয়ে যাওয়ার সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। নিয়মিত ব্যবহারের ফলে সি ড্রাইভে অপ্রয়োজনীয় ক্যাশ, টেম্পোরারি ও জাঙ্ক ফাইল জমে স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যায়। তবে কোনো থার্ড-পার্টি সফটওয়্যার ছাড়াই উইন্ডোজের বিল্ট-ইন ‘ডিস্ক ক্লিনআপ’ ফিচার ব্যবহার করে সহজেই এসব অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করা সম্ভব।
এ জন্য উইন্ডোজের দুটি কমান্ড ব্যবহার করতে হবে। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি তুলে ধরা হলো।
প্রথম ধাপ: ক্লিনআপ সেটিংস নির্ধারণ
প্রথমে কীবোর্ডের ‘Windows + R’ কি একসঙ্গে চেপে রান (Run) কমান্ড বক্স চালু করতে হবে। এরপর সেখানে cleanmgr /sageset:1 লিখে এন্টার চাপতে হবে।
এতে ডিস্ক ক্লিনআপের একটি বিস্তারিত তালিকা দেখা যাবে। সেখান থেকে টেম্পোরারি ফাইল, রিসাইকেল বিনসহ যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছতে চান, সেগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে। এরপর ‘OK’ বাটনে ক্লিক করে সেটিংস সংরক্ষণ করতে হবে।
দ্বিতীয় ধাপ: ক্লিনআপ প্রক্রিয়া চালু
সেটিংস নির্ধারণ করার পর আবার কীবোর্ডের ‘Windows + R’ চেপে রান বক্স চালু করতে হবে। এবার সেখানে cleanmgr /sagerun:1 লিখে এন্টার চাপতে হবে।
কমান্ডটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে নির্বাচন করা ক্যাটাগরির অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে। কতটুকু জায়গা খালি হবে, তা কম্পিউটারে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইলের পরিমাণের ওপর নির্ভর করবে।
বিশেষ সতর্কতা
ক্লিনআপ প্রক্রিয়া চালুর আগে কোন ধরনের ফাইল মুছে ফেলা হবে, তা ভালোভাবে দেখে নেওয়া জরুরি। বিশেষ করে রিসাইকেল বিনে থাকা প্রয়োজনীয় ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ ডেটা আগে অন্য কোনো ড্রাইভে ব্যাকআপ রাখা ভালো।
নিয়মিত ডিস্ক ক্লিনআপ ব্যবহার করলে সি ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইল কমানো এবং স্টোরেজ খালি রাখা সহজ হবে।








