অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বয়স শনাক্তকরণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা জন্মতারিখ পরিবর্তন করে নিজেদের প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও তাদের অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর-কিশোরী হিসেবে শনাক্ত করা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির নতুন এই উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের অনলাইন আচরণ, পোস্ট এবং অন্যান্য কার্যক্রম বিশ্লেষণ করবে এআই প্রযুক্তি। কেউ বয়স লুকিয়ে অ্যাকাউন্ট পরিচালনা করলেও তাকে কিশোর হিসেবে শনাক্ত করা হলে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা বা ‘টিন অ্যাকাউন্ট’-এর আওতায় আনা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি চালু করেছিল মেটা। এবার পরীক্ষামূলক প্রয়োগের অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বব্যাপী এটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে যেসব অভিভাবক কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা এ বিষয়ে নোটিফিকেশন পাবেন। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও বয়স অনুমানকারী এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে।

মেটার নতুন নিয়ম অনুযায়ী, টিন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ থাকবে। এসব অ্যাকাউন্টে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি রাতে ঘুমানোর সময় স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন বন্ধ থাকবে।

এ ছাড়া লাইক ও রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা তৈরি করতে পারে এমন কিছু ফিচার সীমিত বা আড়াল করা হবে। কিশোর-কিশোরীরা অপরিচিত কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে প্রথমবার চ্যাট করলে অভিভাবকেরা নোটিফিকেশন পাবেন।

আত্মহত্যা, আত্মক্ষতি কিংবা খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যার মতো সংবেদনশীল বিষয় অনুসন্ধান করলেও অভিভাবকদের কাছে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা রাখা হচ্ছে। একই সঙ্গে চেহারায় পরিবর্তন আনে এমন কিছু ফিল্টারের ব্যবহারও সীমিত করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশের শিশু বিকাশ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের মতে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের অতিরিক্ত ব্যবহার কিশোর-কিশোরীদের মধ্যে আসক্তি, মানসিক চাপ ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করতে পারে।

অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অপ্রাপ্তবয়স্কদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে নিজেদের প্ল্যাটফর্মে বয়স যাচাই ও কিশোরদের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে মেটা। পাশাপাশি টিকটক ও ইউটিউবের মতো অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মকেও একই ধরনের কার্যকর নিরাপত্তাব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার মতে, কিশোর-কিশোরীরা শুধু একটি নয়, বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে। তাই তাদের সামগ্রিক অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।