সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করার প্রযুক্তি বিশ্বজুড়ে আরও বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি। এর ফলে কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও তার অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর হিসেবে শনাক্ত করতে পারবে মেটা।

প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থায় ব্যবহারকারীদের পোস্ট, অনলাইন আচরণ ও অন্যান্য কার্যক্রম বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা নেবে এআই প্রযুক্তি। কারও বয়স ১৮ বছরের কম বলে সন্দেহ হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এর নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে। ফলে ভুয়া জন্মতারিখ ব্যবহার করে কিশোরদের জন্য নির্ধারিত বিধিনিষেধ এড়িয়ে যাওয়া কঠিন হবে।

মেটার দাবি, বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী নিরাপত্তাব্যবস্থার আওতায় আনা সম্ভব হয়েছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছিল।

নতুন ব্যবস্থার বিষয়ে যুক্তরাষ্ট্রে যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন, তাদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি ভবিষ্যতে ফেসবুক ও থ্রেডসেও একই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কিশোরদের অ্যাকাউন্টে যেসব বিধিনিষেধ থাকছে

মেটার ‘টিন অ্যাকাউন্ট’ ব্যবস্থায় কিশোরদের নিরাপত্তার জন্য একাধিক নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সীমিত করা, নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ এবং রাতে ঘুমানোর সময় নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা।

এ ছাড়া প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ, লাইক ও রিঅ্যাকশনের মতো কিছু ফিচার নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা দেখানো হবে।

অপরিচিত ব্যক্তি ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে কিশোরদের যোগাযোগের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ থাকবে। এসব ব্যবস্থার মাধ্যমে কিশোরদের অনলাইন অভিজ্ঞতা আরও নিরাপদ রাখার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

কেন কড়াকড়ি বাড়াচ্ছে মেটা?

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের দীর্ঘ সময় অনলাইনে থাকতে উৎসাহিত করতে পারে। পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারকারীদের মধ্যে আসক্তিমূলক আচরণ তৈরি করে, বয়স যাচাইয়ে যথাযথ ব্যবস্থা নেয় না এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ রাখে।

এসব অভিযোগ ও আইনি চাপের মধ্যেই কিশোরদের অনলাইন নিরাপত্তা বাড়াতে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে মেটা। প্রতিষ্ঠানটির লক্ষ্য, কেউ যেন বয়স গোপন করে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে না পারে।