স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমে যাওয়া কিংবা ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার পেছনে অনেক সময় ব্যবহারকারীদের কিছু অসতর্ক অভ্যাস দায়ী থাকে। বিশেষ করে চার্জ দেওয়ার সময় করা কয়েকটি সাধারণ ভুল ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। এমনকি এসব অভ্যাস থেকে তৈরি হতে পারে অতিরিক্ত গরম হওয়া, বৈদ্যুতিক ত্রুটি ও অগ্নিকাণ্ডের ঝুঁকিও।
স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে এবং নিরাপদে চার্জ দিতে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। এর মধ্যে পাঁচটি সাধারণ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
১. নিম্নমানের চার্জার ব্যবহার
চার্জার নষ্ট হয়ে গেলে অনেকেই কম দামের বিকল্প কিনে ব্যবহার করেন। কিন্তু বাজারে পাওয়া সব চার্জার মান ও নিরাপত্তার দিক থেকে সমান নয়। নিম্নমানের চার্জারে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা না থাকলে ফোন অতিরিক্ত গরম হওয়া কিংবা বৈদ্যুতিক ত্রুটির আশঙ্কা থাকে।
তাই চার্জার কেনার সময় শুধু দাম নয়, এর গুণগত মান ও নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা উচিত। ফোনের নির্মাতা প্রতিষ্ঠানের অনুমোদিত অথবা স্বীকৃত নিরাপত্তা সনদযুক্ত চার্জার ব্যবহার করা ভালো।
২. বালিশ বা বিছানার নিচে রেখে চার্জ দেওয়া
রাতে ঘুমানোর সময় অনেকেই ফোন বালিশের পাশে কিংবা নিচে রেখে চার্জ দেন। কিন্তু এ অভ্যাস বিপজ্জনক হতে পারে।
চার্জ দেওয়ার সময় ফোনে স্বাভাবিকভাবেই কিছুটা তাপ উৎপন্ন হয়। বালিশ, কম্বল কিংবা চাদরের নিচে ফোন রাখলে সেই তাপ সহজে বের হতে পারে না। ফলে ফোন অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণে চার্জ দেওয়ার সময় শক্ত, সমতল ও বাতাস চলাচল করে এমন জায়গায় ফোন রাখা উচিত।
৩. চার্জে লাগিয়ে ভারী গেম খেলা
চার্জ দেওয়ার সময় ফোনে সাধারণ কাজ করা বা কথা বলা সাধারণত বড় সমস্যা নয়। তবে একই সময়ে দীর্ঘক্ষণ ভারী গেম খেলা, ভিডিও রেকর্ড করা কিংবা বেশি প্রসেসিং প্রয়োজন এমন অ্যাপ ব্যবহার করলে ফোনের তাপমাত্রা বেড়ে যেতে পারে।
চার্জ হওয়ার সময় ব্যাটারিতে এমনিতেই তাপ তৈরি হয়। এর সঙ্গে অতিরিক্ত ব্যবহারের তাপ যুক্ত হলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। নিয়মিত এমনটা করলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির কার্যক্ষমতা ও আয়ু কমতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ভারী কাজ এড়িয়ে চলা ভালো।
৪. ক্ষতিগ্রস্ত চার্জিং কেবল ব্যবহার
অনেকেই চার্জিং কেবল ছিঁড়ে গেলেও কিংবা সংযোগ ঢিলা হয়ে গেলেও সেটি ব্যবহার করতে থাকেন। কখনো নির্দিষ্টভাবে বাঁকিয়ে রাখলে চার্জ হয়, আবার কখনো কেবলের বাইরের আবরণ উঠে গিয়ে ভেতরের তার দেখা যায়।
এ ধরনের ক্ষতিগ্রস্ত কেবল বা অ্যাডাপ্টার ব্যবহারে বৈদ্যুতিক ত্রুটি, অতিরিক্ত তাপ এমনকি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তাই চার্জিং কেবলে কোনো ধরনের ক্ষতি দেখা দিলে সেটি ব্যবহার বন্ধ করে নতুন কেবল সংগ্রহ করা উচিত।
৫. অতিরিক্ত গরম জায়গায় ফোন চার্জ দেওয়া
সরাসরি সূর্যের আলোতে কিংবা প্রচণ্ড গরম কোনো স্থানে ফোন চার্জ দেওয়ার অভ্যাস ব্যাটারির জন্য ক্ষতিকর। বিশেষ করে রোদে রাখা গাড়ির ভেতরে ফোন চার্জ দিলে তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।
স্মার্টফোনে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সুরক্ষাব্যবস্থা থাকলেও অতিরিক্ত তাপ লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। এতে ব্যাটারির স্বাভাবিক আয়ুও ক্ষতিগ্রস্ত হয়। তাই ফোন চার্জ দেওয়ার সময় সরাসরি রোদ ও অতিরিক্ত গরম স্থান এড়িয়ে চলা উচিত।
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে চার্জ দেওয়ার অভ্যাসে সতর্ক হওয়া জরুরি। মানসম্মত চার্জার ব্যবহার, ক্ষতিগ্রস্ত কেবল পরিবর্তন এবং ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করার মতো সাধারণ সতর্কতা ব্যাটারির স্থায়িত্ব ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করতে পারে।








