সুন্দরবনে পর্যটক নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বন বিভাগ। এতে আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকেরা বিপাকে পড়েছেন। পাশাপাশি কাজ হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ট্রলারমালিক, শ্রমিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে আগের নিয়মে এক দিনের ভ্রমণের অনুমতি চালু রয়েছে।
সম্প্রতি সুন্দরবন ভ্রমণে এসে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা উদ্ধার অভিযানের পর আলোরকোলের মাথারখালের চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এক দিনের ভ্রমণের ক্ষেত্রে আগের নিয়মেই অনুমতি দেওয়া হচ্ছে।
বন বিভাগের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সুন্দরবন ভ্রমণে আগ্রহী পর্যটকেরা। বিশেষ করে আগে থেকে দুই বা তিন দিনের ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিরা অনিশ্চয়তায় পড়েছেন। এক দিনে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব না হওয়ায় অনেকে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা বাতিলের কথা ভাবছেন।
অন্যদিকে, তিন দিনের ভ্রমণের ওপর নির্ভরশীল ট্রলারমালিক ও শ্রমিকদের আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। তবে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে ভ্রমণের অনুমতি বন্ধ করা হলে তাঁদের কিছু করার নেই। বিষয়টি নিয়ে ট্রলারমালিক ও শ্রমিকেরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মে চালু থাকবে। এ নিষেধাজ্ঞার বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। বন বিভাগ ও পর্যটন পরিচালনাকারীদের সূত্রে জানা গেছে, এর আগে কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়। এ ছাড়া পশুর নদ ও ঢাংমারি খাল এলাকায় পর্যটকবাহী নৌযান ডুবির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।









