জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ ছাড়া শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সকালে সম্মেলনস্থলে পৌঁছানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন প্রধানমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও তাঁর করমর্দনের কর্মসূচি রয়েছে। এরপর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পারিবারিক ছবি তোলার অনুষ্ঠান এবং লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক। দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এবং বিকেল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এদিকে বিকেলে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ নিয়ে বিশেষ গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। তুরস্কের ফার্স্ট লেডির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতেই তাঁর এ সফর।









