সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা আদৌ নতুন পাসপোর্ট পাওয়ার অধিকারী কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে চলছে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি ও বিতর্ক।

সংশ্লিষ্টদের মতে, আদালতে দণ্ডিত কোনো ব্যক্তি আত্মসমর্পণ না করে পাসপোর্ট বা অন্য কোনো বিশেষ আইনি সুবিধা পাওয়ার সুযোগ সীমিত। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে শেখ হাসিনার সাম্প্রতিক আবেদন রাজনৈতিক কৌশলের অংশ। তাদের ধারণা, পাসপোর্ট না পাওয়ার বিষয়টিকে সামনে রেখে আওয়ামী লীগ দাবি করতে পারে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলেও সরকার তাকে ফিরতে দিচ্ছে না। তবে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে না ফিরলে এ বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করছেন তারা।

সংশ্লিষ্টদের ভাষ্য, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনা আগেই আদালতের আশ্রয় নিতে পারতেন। কিন্তু চলমান বিচারপ্রক্রিয়ায় তিনি অংশ নেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা ও সাবেক মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, সরকার আগে জানিয়েছিল শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাহলে তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন?

প্রবাসী সাংবাদিক ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিলও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট না দিয়ে একমুখী ট্রাভেল পাস বা দেশে ফেরার টিকিট দেওয়ার পরামর্শ দেন। তার যুক্তি, কোনো পলাতক আসামি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণ করতে চাইলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা কমে আসে। সরকারের উচিত বিষয়টিকে দেশে ফেরানোর সুযোগ হিসেবে দেখা। অন্য এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কোনো দেশের সরকার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে নতুন পাসপোর্ট দেয় কি না।

অন্যদিকে, শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে সরকারের অবস্থান কঠোর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কোনো সন্ত্রাসী বা পলাতক অপরাধীকে দেশ পাসপোর্ট কিংবা ভ্রমণ নথি দেয় না। বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার বৈধ উপায় হলো ওই চুক্তির আওতায় প্রত্যর্পণ প্রক্রিয়া।

সরকারপক্ষের বক্তব্য, আইনজীবীর মাধ্যমে পাসপোর্টের আবেদন রাজনৈতিক কৌশল হতে পারে। দেশে ফিরে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার প্রকৃত ইচ্ছা থাকলে তিনি আগেই ফিরতে পারতেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া বিচারপ্রক্রিয়ার প্রতি অসম্মানজনক হবে।

আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, কোনো দণ্ডিত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করে ন্যায়বিচার চাইতে পারেন। তবে আদালতের আদেশ অমান্য করে পলাতক থাকলে তার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার অধিকার নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। এ পরিস্থিতিতে শেখ হাসিনা চাইলে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীদের বক্তব্য, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর পর তাকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। তাদের মতে, এখন পাসপোর্ট ফিরে পেতে আইনের আশ্রয় চাওয়ার আগে তাকে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়া প্রয়োজন।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম শেখ হাসিনার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, প্রত্যেক মানুষের পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি সাংবিধানিক ও মৌলিক অধিকার। সরকার কাউকে এ অধিকার থেকে বঞ্চিত করতে পারে না বলেও দাবি করেন তিনি।

আওয়ামীপন্থি আইনজীবীদের দাবি, জেনেভা কনভেনশন ও ভিয়েনা চুক্তির বিষয়গুলো বিবেচনায় না নিয়েই শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তোলা হচ্ছে। তাদের যুক্তি, শেখ হাসিনা ভারতে বন্দি নন; বরং ভারত সরকারের সম্মানিত অতিথি হিসেবে সেখানে অবস্থান করছেন। তাই তার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য নয়।

এদিকে, পাসপোর্ট পাওয়ার বিষয়ে বিদ্যমান আইনের ব্যাখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আইন অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং সেই দণ্ডের মেয়াদ কমপক্ষে দুই বছর হলে তাকে পাসপোর্ট দেওয়া হয় না।

তিনি আরও বলেন, নৈতিক স্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করার বিধান রয়েছে। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতায় পড়ে। শেখ হাসিনা দণ্ডিত হওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষের তাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন তিনি। তার ভাষ্য, বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছা থাকলে শেখ হাসিনা আগেই দেশে ফিরতে পারতেন।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনকে ঘিরে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি আইনি ব্যাখ্যাতেও ভিন্নতা দেখা যাচ্ছে। একদিকে মৌলিক অধিকার ও দেশে ফেরার সুযোগের কথা বলা হচ্ছে, অন্যদিকে দণ্ডিত পলাতক আসামির পাসপোর্ট পাওয়ার আইনি সীমাবদ্ধতা তুলে ধরছে সরকারপক্ষ। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও জোরালো হয়েছে।