সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফেসবুক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

তিনি জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর থেকে বা অন্য কোনো মাধ্যমে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

পোস্টের শেষে ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চান আসিফ নজরুল। নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় নিজের ওপর বিরক্তিও প্রকাশ করেন তিনি।