ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় দুই বিদেশি শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে তাঁরা ক্যাম্পাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উপাচার্য জানান, মঙ্গলবার ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির পর দুই বিদেশি শিক্ষার্থী বুধবার সকালে তাঁকে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান। পরে তাঁরা ক্যাম্পাস ছেড়ে চলে যান। তবে তাঁদের পরিচয় ও গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঢাবিতে বিদেশি শিক্ষার্থী ৫০ জন

বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের সিনিয়র কার্টোগ্রাফার আমরান হোসেন জানান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তবে ক্যাম্পাস ছেড়ে যাওয়া দুই শিক্ষার্থীর বিষয়ে তাঁর কাছে তথ্য নেই।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক দফা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন বিস্ফোরণে এক গাড়িচালক আহত হন। এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তিন মাসে সব বিভাগে ওবিই চালুর উদ্যোগ

এদিকে সমাজবিজ্ঞান বিভাগের এক অনুষ্ঠানে উপাচার্য জানান, আগামী তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে এ পদ্ধতির বিকল্প নেই। ওবিই চালু না হলে দেশি-বিদেশি চাকরির বাজারে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারেন। আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের জন্যও এ পদ্ধতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।